১৪ জুন ২০২৩
দৈনিক যুগান্তরের শিরোনাম, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে চিঠি। এতে বলা হয়েছে, বাংলাদেশের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের ছয়জন সদস্য ইউরোপীয় ইউনিয়ন ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলকে চিঠি দিয়েছেন।
চিঠিতে তারা বলেছেন, "বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ সাধারণ নির্বাচন নিশ্চিতে অবদান রাখতে আপনাকে অনুরোধ করছি। দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের অবসান, খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের সঙ্গে বিএনপিসহ অন্য সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি।" ১২ জুন তারা চিঠিটি দিয়েছেন।
নিউএইজ পত্রিকার শিরোনাম, ‘EU MPs back caretaker govt for Bangladesh Election’, অর্থাৎ বাংলাদেশে নির্বাচনের ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ইউরোপিয় ইউনিয়নের এমপিরা।
এই খবরটিতে বলা হয়েছে, জোসেপ বোরেলের কাছে পাঠানো চিঠিতে ইউরোপিয় পার্লামেন্টের ছয়জন জন এমপি মানবাধিকার লংঘনের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন।
তারা ‘বাংলাদেশে নির্বাচনের আগে গনতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায়’ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইউ নেতাকে আহ্বান জানিয়েছেন।
এই বিষয়টি নিয়ে প্রায় প্রতিটি পত্রিকাই খবর প্রকাশ করেছে।
নির্বাচন নিয়ে চিঠি ও বিবৃতির বিষয়ে আওয়ামী লীগ নেতাদের প্রতিক্রিয়া নিয়ে দৈনিক সমকালের শিরোনাম, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয়। এতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ছয় এমপি ও ছয় মার্কিন কংগ্রেসম্যানের পৃথক চিঠি এবং হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছে আওয়ামী লীগ।
ক্ষমতাসীন দল বলছে, এসব চিঠি ও বিবৃতিতে বাংলাদেশ ও সরকারের বিষয়ে গুরুতর আপত্তিকর বক্তব্য তুলে আনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এমপিদের চিঠিতে আদালতের নির্দেশে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠান দাবির স্বপক্ষে বক্তব্য দেওয়া হয়েছে। এভাবে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মোটেই কাম্য নয়।
প্রথম আলোর একটি শিরোনাম, বিদেশি শক্তি দিয়ে তত্ত্বাবধায়ক বসানোর পরিকল্পনা বিএনপির। এই খবরে বলা হয়েছে, বিদেশি শক্তিকে দিয়ে বিএনপি দেশে দুই বছরের জন্য তত্ত্বাবধায়ক সরকার বসানোর পরিকল্পনা করছে, এমন অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে ঢাকার হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ এ কথা বলেন তিনি।
সমাবেশে ওবায়দুল কাদের আরও বলেন, "এখন আবার বিদেশি শক্তিকে দিয়ে ওয়ান-ইলেভেনের মতো দুই বছরের জন্য নিজেদের ইচ্ছে অনুযায়ী তত্ত্বাবধায়ক একটা বসাবে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব?"
মি. কাদেরকে উদ্ধৃত করে ওই খবরে আরো বলা হয়, তার দল সব খবর রাখছে। " সব খবর আমরা রাখি - কোথায় কোথায় ষড়যন্ত্র হচ্ছে? ওয়ান-ইলেভেনের দুঃস্বপ্ন দেখে আর লাভ নেই।"
সমকালের শিরোনাম, শুধু আমেরিকা নয়, জনগণও পালাবার পথ বন্ধ করে দেবে: মির্জা ফখরুল। এই খবরটিতে বলা হয়েছে, সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও সময় আছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে যতই চেষ্টা করুন পালাবার পথ খুঁজে পাবেন না।"
"পালানোর পথ শুধু আমেরিকা বন্ধ করেনি। এ দেশের জনগণও বন্ধ করে দেবে," মঙ্গলবার ঢাকার গোপীবাগে মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
কালেরকণ্ঠের শিরোনাম, ভারতে মূল্যস্ফীতি কমে বাংলাদেশের অর্ধেক। এতে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও মূল্যস্ফীতি বেড়েছিল।
কিন্তু আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে আসায় দেশটিতে আবারও কমতে শুরু করেছে মূল্যস্ফীতি। তারই ধারাবাহিকতায় গত মে মাসে মূল্যস্ফীতির হার কমে দুই বছরে সর্বনিম্ন হয়েছে।
ভারতে টানা কয়েক মাস ধরে মূল্যস্ফীতির হার কমলেও বাংলাদেশে অবশ্য তা বাড়ছে। গত মে মাসে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ভারতের খুচরা মূল্যস্ফীতির হারের দ্বিগুণেরও বেশি।

No comments:
Post a Comment