গলায় লিচুর বিচি আটকে একমাসে ৭ শিশুর মৃত্যু

 লিচুর বিচি গলায় আটকে একমাসে রাজধানীসহ কয়েক জেলায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এজন্য পরিবারের সদস্যদের অসচেতনতাকে দায়ী করছেন চিকিৎসকেরা। স্বজনদের সচেতন হওয়ার পাশাপাশি, জরুরি মুহূর্তে করণীয় জানার ওপর জোর দিয়েছেন চিকিৎসকেরা।



১০ বছরের শিশু অনিককে হারিয়ে স্বজনদের এই আহাজারি। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে, লিচুর বিচি গিলে ফেললে তা গলায় আটকে যায় বাকপ্রতিবন্ধী অনিকের। এরপর ঢাকা মেডিকেলে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে।
বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, গেলো একমাসে একইভাবে ময়মনসিংহ, চট্টগ্রাম, পঞ্চগড়, রাজশাহী, কুমিল্লাসহ বিভিন্ন জেলায় মারা গেছে অন্তত ৭ শিশু। এদের বেশিরভাগের বয়স ৩ বছরের কম। এমন পরিস্থিতি ঠেকাতে পরিবারকে সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের।
বিএসএমএমিউ বক্ষব্যাধী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতিকুর রহমান বলেন, শিশুদের গলায় লিচু কিংবা অন্য ফলের বিচি আটকে গেলে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করতে হবে।
তিনি বলেন, এই ধরনের ফল বা খাবার খাওয়ার সময় কথা না বলা এবং বাড়তি সচেতনতার উপরও জোর দিতে হবে।

No comments:

Post a Comment