মমতাজপ্রথম আলো
‘ফেরিওয়ালারা যেমন ঘোরে আর বলে, চুড়ি রাখবেন নাকি ভাই, এ রকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে। আমাদের ঘুরতে হবে, বিদ্যুৎ রাখবেন নাকি ভাই, বিদ্যুৎ।’ জাতীয় সংসদে এ ধরনের বক্তব্য দিয়েছিলেন লোকগানের জনপ্রিয় শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের। সারা দেশ যখন লোডশেডিংয়ে বিপর্যস্ত, ঠিক তখনই বেশ কিছুদিন আগে সংসদে দেওয়া মমতাজের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে। তাঁকে নিয়ে হচ্ছে ট্রলও। এর মধ্যে গতকাল মঙ্গলবার ফেসবুকে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, লোডশেডিংয়ে বিপর্যস্ত মানুষ মমতাজের বাড়ি ঘেরাও করেছেন। এই খবর পৌঁছায় মমতাজের কান পর্যন্ত। তাই গতকাল গভীর রাতে ফেসবুক লাইভে এসে সংসদে দেওয়া বক্তব্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
১২ মিনিট ১২ সেকেন্ড দৈর্ঘ্যের সেই ভিডিওতে মমতাজ বলেন, ‘যখন আমি এমন কথা বলেছিলাম, তখন সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা ভালো ছিল। আমার আসনে শতভাগ বিদ্যুতায়ন করেছি। মানুষ খুশি হয়েছে। কিন্তু এখনকার পরিস্থিতি আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে। সে জন্য সবারই ধৈর্য ধারণ করতে হবে। চেষ্টা করতে হবে, সহযোগিতা করতে হবে—কীভাবে বিদ্যুতের খরচ কমানো যায়, মোকাবিলা করা যায়। দোষারোপ করে, কাদা–ছোড়াছুড়ি করে কোনো লাভ নেই। আমাদের ক্ষতিই হবে। অশান্তি বাড়বে।’মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, ‘সত্যিকার অর্থে এখন গ্রামে গেলে কেউ বলেন না যে আপা, দুইটা মিটার দেন, পাঁচটা মিটার দেন, বিদ্যুৎ লাইন দেন। মিটার দেওয়ার জায়গা তো খুঁজে পাওয়া যায় না। এটাই কিন্তু বাস্তব। আর সেই কথাটাই জাতীয় সংসদে আমি বলেছিলাম। সেটার ভুল ব্যাখ্যা দিয়ে, ভুলভাবে উপস্থাপন করে অসাধু কিছু লোকজন বাজে কথা ফেসবুক-ইউটিউবে বলার চেষ্টা করছেন।’ তিনি বলেন, ‘আমি তাদের বিনীতভাবে বলব, আপনারা জ্ঞানী মানুষ হয়েও ভুল ব্যাখ্যা দিচ্ছেন, বাজেভাবে উপস্থাপন করছেন। দেখেন, আমার কথা...আমার কথার সত্যতা আছে। আমি সঠিক সময়ে সঠিক কথাই বলেছিলাম। সাময়িক এ সমস্যা (অস্বাভাবিক লোডশেডিং) হবে, এটা আপনি-আমি কেউ জানতাম না।’
গতকাল দিবাগত রাত একটার দিকে ফেসবুক লাইভে এসে সংগীতশিল্পী ও আওয়ামী লীগের সংসদ সদস্য এসব কথা বলেন। একই সঙ্গে বিদ্যুৎ খাতে সরকারের উন্নয়ন নিয়ে জাতীয় সংসদে দেওয়া তাঁর বক্তব্য ভুলভাবে উপস্থাপন না করার আহ্বান জানান মমতাজ।


No comments:
Post a Comment